images

সারাদেশ

বাসডুবিতে চিকিৎসক দম্পতির মৃত্যু, রামেকজুড়ে শোকের ছায়া

জেলা প্রতিনিধি

২৬ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) এক শিক্ষার্থী দম্পতিসহ আরও দুই শিক্ষার্থীর পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় পৃথক বার্তায় নিহতের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ এবং শাখা ছাত্রদল নেতৃবৃন্দ।

জানা গেছে, গত বুধবার (২৫ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর নদীতে তলিয়ে যায়। বাসটিতে প্রায় ৪৫ থেকে ৫০ জন যাত্রী থাকলেও মাত্র সাতজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু এবং ৮ জন পুরুষ রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

আরও পড়ুন—

নিহতদের মধ্যে রয়েছেন ডা. জোহরা অন্তি, যিনি রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের বিডিএস ২৯তম ব্যাচের (২০১৭-২০১৮ সেশন) শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় তার চিকিৎসক স্বামীও প্রাণ হারিয়েছেন। এ ছাড়া রামেকের ৫৩তম এমবিবিএস ব্যাচের ডা. মাহমুদুল হাসান রাইয়ানের শাশুড়ি, শ্যালক ও ভাগ্নে নিহত হয়েছেন। তার স্ত্রী ডা. সাবা প্রাণে বেঁচে গেলেও বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, ৫৫তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী ডা. ফাতেমা ফারহানা সনিয়ার মা-ও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বুধবার রাতেই নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

এই হৃদয়বিদারক ঘটনায় কলেজজুড়ে শোকাতুর পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক শোকবার্তায় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার ফয়সল আলম সকল শিক্ষকের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘এই মর্মান্তিক ঘটনা সবার হৃদয়কে নাড়া দিয়েছে। এমন বাস্তবতা মেনে নেওয়া অত্যন্ত কঠিন। আমরা তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকেও পৃথক শোকবার্তা দেওয়া হয়েছে। শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আমরি মীম ও সাধারণ সম্পাদক রিমন আলী যৌথ বিবৃতিতে নিহতদের জন্য জান্নাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেন।

প্রতিনিধি/একেবি