নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় বৃহস্পতিবার দুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে ধানখেতে পড়ে অন্তত দুজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজারমুখী ঈগল পরিবহনের একটি দ্রুতগামী বাসের সামনের চাকা চলন্ত অবস্থায় বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশের একটি নিচু ধানখেতে উল্টে যায়।
দুর্ঘটনার সময় বাসটিতে মোট ১৫ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে নিকটস্থ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন বাসের চালকের সহকারী ও কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ হাশেম (৩৫) এবং লোহাগাড়া উপজেলার যাত্রী মো. ফরিদ (৬৫)। তাদের আঘাত গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/একেবি