images

সারাদেশ

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন 

জেলা প্রতিনিধি

২৬ মার্চ ২০২৬, ০৪:৪৬ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল (২৫) নামে রোহিঙ্গা এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে। 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত শহীদুল (২৫) উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা এবং চাঁন মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, দুপুরে শহীদুলসহ কয়েকজন রোহিঙ্গা নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শহীদুল গুরুতর আহত হন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয় বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান।

প্রতিনিধি/এজে