জেলা প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ১২:১৭ পিএম
যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সার্কিট হাউজ সংলগ্ন শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসক মিস তাছলিমা আক্তারের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরপরই পুলিশ সুপার কুদরত-ই-খুদাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন কার্যালয়, জেলা বিএনপি, বিভিন্ন সাংবাদিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

অন্যদিকে, জেলা বিএনপির নেতা নজরুল ইসলাম মোলার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শপথ গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশ এখনো পূর্ণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। স্বাধীনতার সঠিক চেতনা বাস্তবায়নে এখনো ঘাটতি রয়েছে।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন অংশগ্রহণ করে। পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।
প্রতিনিধি/এসএস