images

সারাদেশ

খুলনায় জ্বালানি তেল সংকট: দীর্ঘ লাইনে দুর্ভোগ

জেলা প্রতিনিধি

২৬ মার্চ ২০২৬, ১০:৫০ এএম

খুলনায় জ্বালানি তেলের সংকট যেন কাটছে না। অধিকাংশ পাম্পে 'তেল নাই’ লেখা সাঁটিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু পাম্পে তেল পাওয়া গেলেও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।

সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুদ থাকার দাবি করা হলেও পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার যানবাহন নির্ভর মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে না পারায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পেট্রোল পাম্প মালিকদের।

খুলনা মহানগরীর বিভিন্ন পাম্পে ঘুরে দেখা গেছে, দু-একটি পাম্পে সীমিত পরিমাণ পেট্রোল মিললেও অন্য জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেগুলোতে মোটর সাইকেলসহ যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। চাহিদা অনুযায়ী তেল না পেলে পাম্পের কর্মচারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হচ্ছেন কেউ কেউ।

সরেজমিন নগরীর পারহাউজ মোড়ে অবস্থিত পাম্পে গিয়ে দেখা যায়, সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে থাকা মোটর সাইকেল চালক মিটারে পর্যাপ্ত তেলের সাইন রয়েছে তবুও সংকটের আশঙ্কায় ট্যাংকি ভরে রাখছেন।

আরও পড়ুন

ডিপোর গাড়ি মাঝপথে থামিয়ে নামানো হচ্ছে তেল, ভিডিও ভাইরাল

নগরীর নিউমার্কেট সংলগ্ন পেট্রোল পাম্পে তেল নিতে আসা হাসানুজ্জামান বলেন, গতকাল বুধবার দিনে ও রাতে কোনো পাম্পে তেল পাইনি। বৃহস্পতিবার সকাল থেকে ঘুরে ঘুরে একটি পাম্পে ১ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ৫০০ টাকার মোটরসাইকেলে তেল ঢুকাতে পেরেছি।

এদিকে নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে শিকদার ফিলিং স্টেশন বন্ধ রয়েছে।

9dc75000-a908-457f-95a8-97199c4474af

এ ছাড়া বিশ্বরোডে অবস্থিত মারিয়া পেট্রোল পাম্পে পুলিশ পাহারায় রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। তবে তাতে চাহিদা পূরণ হচ্ছে না।

খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির কোষাধ্যক্ষ এস এম মুরাদ হোসেন বলেন, ডিপোগুলো পর্যাপ্ত তেল দিচ্ছে না। চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না। এ জন্য একটু চাপ পড়েছে। একটি মোটরসাইকেল ২ বার, তিন বার, চার বার যদি তেল নেয়, তাহলে পাম্পে আর তেল কতক্ষণ থাকে। মোটরসাইকেল চালকরা বিভিন্ন পাম্প ঘুরে কয়েকবার তেল নেয়। ঘুরে ফিরে বার বার আসে।

প্রতিনিধি/এসএস