উপজেলা প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ০৯:৪০ এএম
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার, সবার মতো আমরা শ্রদ্ধা জানাতে এসেছিলাম।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের জন্য মোনাজাত করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, আমাদের বীর শহীদদের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, দেশের উপর যাতে আল্লাহ শান্তি এবং রহমত বর্ষণ করেন সে জন্য দোয়া করেছি।
ডা. শফিকুর রহমান বলেন, একটা অহিংস, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।
এ সময় অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার ও সংসদ সদস্য এটিএম আজাহারসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস