images

সারাদেশ

সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির ফুয়েল কার্ড, বাইকের জন্য আলাদা সময়

জেলা প্রতিনিধি

২৬ মার্চ ২০২৬, ০৯:০৮ এএম

জ্বালানি তেলের চলমান সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে সাতক্ষীরায় মোটরসাইকেলের জন্য তেল সরবরাহে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন, সাতক্ষীরা।

বুধবার (২৫ মার্চ) রাতে সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এক জরুরি ঘোষণায় জেলা প্রশাসনের পক্ষে জানান, শুধু মোটরসাইকেলের ক্ষেত্রে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মোটরসাইকেলের তেল নিতে হলে চালককে অবশ্যই বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন উল্লেখযোগ্য। পাশাপাশি হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন

ডিপোর গাড়ি মাঝপথে থামিয়ে নামানো হচ্ছে তেল, ভিডিও ভাইরাল

এ ছাড়া তেল সংগ্রহের জন্য জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ফুয়েল কার্ড ব্যবহার করতে হবে। এই কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলকে তেল দেওয়া হবে না। ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

ঘোষণায় আরও বলা হয়েছে, কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে প্লাস্টিক বোতল, ড্রাম বা কন্টেইনারে জ্বালানি তেল সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে অনুমোদিত পাম্প ও ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল কেনাবেচাও বন্ধ থাকবে।

জেলা প্রশাসন জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে জ্বালানি তেলের অপব্যবহার ও কালোবাজারি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছে প্রশাসন।

প্রতিনিধি/এসএস