জেলা প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ০৮:৩৫ এএম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার ভজনপুর থেকে বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের পাশে 'রংধনু খেলাঘর' নামের একটি বন্ধ দোকানের সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং ৯০০ পিস ট্যাপেন্ডাডল (Tapal-100) ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে সিমসহ দুটি মোবাইল ফোন এবং একটি রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- তেঁতুলিয়া উপজেলার ধাইজান এলাকার বাসিন্দা মো. তবিবর রহমান ওরফে তবি (৪৮) এবং ধামনাগছ এলাকার মো. রবিউল ইসলাম (২৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস