images

সারাদেশ

মাগুরায় ২০ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

জেলা প্রতিনিধি

২৫ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম

মাগুরা সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে মাগুরা সদর থানার লক্ষ্মীকান্দর এলাকায় নির্মাণাধীন ট্রাক টার্মিনালের সামনে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় মঙ্গলবার ২৪শে মার্চ রাত ১১টা ২০ মিনিটে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানার লক্ষ্মীকান্দর এলাকায় নির্মাণাধীন ট্রাক টার্মিনালের সামনে চেকপোস্ট স্থাপন করে।

এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নগরবাথান গ্রামের মো. অহিদুল ইসলাম (৩৪) এবং গোবিন্দপুর হালদারপাড়া গ্রামের মো. আরিফুল লস্কার (২৫)।

অভিযানে তাদের হেফাজত থেকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, র‍্যাব গভীর রাতে দুজন মাদককারবারি কে গাঁজাসহ গ্রেফতার করে মাগুরা সদর থানায় সোপর্দ করে। আমরা আজ তাকে আদালতে হাজির করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।

প্রতিনিধি/ এজে