জেলা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম
সারাদেশের মতো মানিকগঞ্জেও গত কয়েকদিন ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তবে পাম্পে তেল এসেছে এমন খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই শত শত মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে পাম্পগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। এতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ লাইনের। এমনকি ঝড়-বৃষ্টির প্রতিকূল আবহাওয়াও থামাতে পারছে না তেলপ্রত্যাশীদের।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জ জেলা কারাগারের বিপরীত পাশে অবস্থিত ধলেশ্বরী ফিলিং স্টেশনে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
ঝড়-বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে থাকা রুবেল নামে এক বাইকার বলেন, ‘বিকেল থেকেই পাম্পের সামনে লাইনে দাঁড়িয়ে আছি। তেলের লরি এসেছে ঠিকই, কিন্তু সামনে প্রচুর মোটরসাইকেল ও অন্যান্য গাড়ি অপেক্ষায় আছে। বাইকে একদম তেল নেই, তাই বৃষ্টিতে ভিজে হলেও আজ তেল নিতেই হবে।’
মতিন নামে আরেক মোটরসাইকেল চালক জানান, ‘আমি বিকেল ৫টা থেকে সিরিয়ালে আছি। আগামীকাল পরিবার নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব, কিন্তু বাইকে তেল নেই। তাই কষ্ট হলেও তেল না নিয়ে বাসায় ফিরছি না।’
জানা গেছে, জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১০ থেকে ১৩টি ফিলিং স্টেশন রয়েছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপো থেকে তেল আসার পরপরই তারা সরবরাহ শুরু করছেন। শৃঙ্খলা বজায় রাখতে অধিকাংশ পাম্পে পুলিশের উপস্থিতিতে তেল বিক্রি করা হচ্ছে।
ধলেশ্বরী ফিলিং স্টেশনের ব্যবস্থাপক বুলবুল আহমেদ বলেন, ‘আমরা তেল পাওয়ার সাথে সাথেই গ্রাহকদের দিচ্ছি। তবে একসাথে অনেক মোটরসাইকেল চলে আসায় মাঝে মাঝে আমাদের হিমশিম খেতে হচ্ছে। যতক্ষণ তেল স্টকে আছে, আমরা দিয়ে যাব।’
জেলার প্রায় সবগুলো ফিলিং স্টেশনেই তেলের জন্য গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারিতে জ্বালানি বিক্রি কার্যক্রম চলছে বলেও তিনি জানান।
প্রতিনিধি/একেবি