জেলা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ০৭:০৯ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করতে প্রাথমিক পর্যায় থেকেই পাঠ্যক্রমে খেলাধুলার বিষয়টি গুরুত্ব দিয়েছেন। স্কুল ছুটির পর সকল স্কুলের মাঠ সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।’
বুধবার (২৫ মার্চ) বিকেলে রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে রাসিক (রাজশাহী সিটি করপোরেশন) কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতে কন্টেন্ট ক্রিয়েটরদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। পাইলট প্রকল্প হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী প্রদান ও খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থবছর থেকে বড় পরিসরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান করা হবে।
রাজশাহীর প্রশংসা করে তিনি বলেন, ‘রাজশাহী একটি সুন্দর, সবুজ ও পরিচ্ছন্ন শহর (গ্রিন সিটি, ক্লিন সিটি)। অন্য সিটি করপোরেশনের কর্মকর্তারা এখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন। রাজশাহীবাসী আগামীতে আরও আধুনিক নগরী উপহার পাবেন।’
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ভালো হলেও একে আরও আধুনিক করতে হবে। দক্ষিণ কোরিয়া ও চীনের মতো বর্জ্য থেকে গ্যাস ও জৈব সার উৎপাদন করে একে সম্পদে রূপান্তর করতে হবে। এ বিষয়ে উদ্যোগ নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। আমরা সেবক হিসেবে কাজ করতে চাই। নতুন বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে আমরা সবাই আন্তরিকভাবে কাজ করব।’
রাসিক সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। আরও বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মেদ আল মঈন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। সভায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমানসহ রাসিকের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, বুধবার সকালে প্রতিমন্ত্রী রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক প্রশাসক। এরপর তিনি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন একটি সেতু পরিদর্শন করেন।
প্রতিনিধি/একেবি