জেলা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ০৫:০৮ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকচাপায় জুম্মন হোসেন (২২) নামে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক আরমান হোসেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (২৫ মার্চ) সকালে বক্তাবলী ইউনিয়নের প্রসন্ননগর গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই গ্রামে মোবারক হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গুচ্ছগ্রামে রাস্তার পাশে চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রেখে জুম্মন ও আরমান চা খাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে দুজন আহত হলে তাদের উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক জুম্মনকে মৃত ঘোষণা করেন।
আরমানের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর চালক পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার এসআই শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/ এজে