জেলা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম
দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, কৃষকরাই হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের মানুষের খাদ্যের জোগান দিয়ে থাকেন। যে কারণে সরকার প্রতি বছর কৃষকদের উৎসাহিত করার জন্য কৃষি প্রণোদনা দিয়ে থাকেন।
বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে খরিপ-১/ ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী, আউশ ও পাট আবাদ কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রায় ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, আমাদের দেশ খুব একটা উন্নত নয়, তাই সমস্যা থাকবে। আমাদেরকে ধৈর্য সহকারে সব সমস্যার মোকাবেলা করে মূল লক্ষ্য অর্জন করতে হবে। দেশে ডিজেলের কোনো ঘাটতি নেই, তবে কেউ যুদ্ধ পরিস্থিতির অজুহাত দেখিয়ে ডিজেল সংকট সৃষ্টি করলে প্রশাসন তা কঠোরভাবে দমন করবে।
উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসানের সভাপতিত্বে সভায় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, বিএনপি নেতা সেকেন্দার আলীসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এজে