জেলা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ০১:৪৬ পিএম
নাটোরে সদর উপজেলার হাশেমপুর এলাকায় মহরম আলী (৫৫) নামে এক বাবাকে কুপিয়ে হত্যা করেছেন তার ছেলে মইন উদ্দিন সিয়াম। এই ঘটনায় ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কাফুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে নিজ বাড়িতে হঠাৎ মহরম আলীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় তারা দেখতে পান কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত করে মেঝেতে ফেলে গেছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মহরম আলীকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে মঙ্গলবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর গোয়েন্দা পুলিশ রহস্য উদঘাটনে অনুসন্ধান শুরু করেন। রাতে এক অভিযানে নিহতের ছেলে মইন উদ্দিন সিয়ামকে সন্দেহভাজন হিসেবে পুলিশ আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করে পুলিশ।
নাটোরে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, বাবার সঙ্গে ছেলের পারিবারিক দ্বন্দ্ব ছিল। তারই জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটিয়েছে। প্রাথমিকভাবে হত্যার বিষয়টি স্বীকার করেছে তার ছেলে। এ ঘটনায় নিয়তের বড় ভাই একটি মামলা দায়ের করেছেন। এ হত্যার ঘটনায় পুলিশ তদন্ত করছে।
প্রতিনিধি/এসএস