জেলা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুরে জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে শহিদুল ইসলাম ঢালি নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শহিদুল ইসলাম দামুড়হুদা সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার মওলা বক্স ঢালীর ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী তার জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। এ সময় তাদের চাচাতো ভাইরা এসে বাধা দিয়ে নবনির্মিত প্রাচীর ভেঙে দেন। বিষয়টি নিয়ে কথা বলতে ও মীমাংসার উদ্যোগ নিতে শহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ লাঠিসোঁটা ও বাঁশ দিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের বাঁশের আঘাতে শহিদুলের মাথায় গুরুতর জখম হয়। রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যু হয়।
এদিকে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন- দামুড়হুদা সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত জলিল ঢালীর ছেলে জাহিদুল ইসলাম (২৯) ও বারিক হোসেন (৪২)। এর মধ্যে আটক জাহিদুল ইসলাম বর্তমানে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় শহিদুল ইসলামের মৃত্যুর পূর্বে একটি মারামারির মামলা দায়ের করা হয়েছিল, যা এখন হত্যা মামলায় রূপান্তরিত করার আইনি প্রক্রিয়া চলছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত দুই অভিযুক্তকে আটক করেছে।
প্রতিনিধি/এসএস