জেলা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ১১:৩৬ এএম
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় একটি মুদিখানার দোকানে বেশি দামে জ্বালানি তেল, অকটেন বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চরপাড়া গ্রামের কসিরুদ্দিনের ছেলে মো. মকবুল হোসেন (৪০)।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।
ঢাকা মেইলকে সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ পায় কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় একটি মুদির দোকানে তেলের মূল্য বেশি নেওয়া হচ্ছে।
পরবর্তীতে উক্ত দোকানে ছদ্মবেশে তেল কিনতে গেলে দোকানদার মো. মকবুল হোসেন প্রতি লিটার অকটেনের মূল্য ২৭০ টাকা দাবি করেন।
তিনি আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি ও খোলা তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করে আদায় করা হয়। এছাড়াও, জব্দ করা ২০ লিটার অকটেন বিধি মোতাবেক বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ নির্ধারিত কোডে চালানের মাধ্যমে জমা দেওয়ার জন্য বেঞ্চ সহকারীকে নির্দেশ প্রদান করা হয়।

তিনি বলেন, অভিযানে সহযোগিতা প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জে সদর মডেল থানা পুলিশের একটি দল। অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস