images

সারাদেশ

দিনাজপুরে বরযাত্রীর মাইক্রোবাস‌কে সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি

২৫ মার্চ ২০২৬, ০৯:৪০ এএম

দিনাজপুরের কাহারোল উপজেলায় বরযাত্রীর মাইক্রোবাস‌কে সাইড দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় মোস্তফা কামাল (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাতটায় উপজেলার পঞ্চগড়-‌দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল দশমাইল গড়নূরপুর গ্রামের সাইর উদ্দিনের ছে‌লে।

এ ঘটনায় দশমাইল এলাকায় রাত ১০টা পর্যন্ত সড়ক অব‌রোধ ক‌রে রাখেন স্থানীয় লোকজন।

ঘটনাস্থ‌লে থাকা মোকলেস প্রধান বলেন, বরযাত্রী বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে একটি সিএনজির ধাক্কা লাগার ঘটনা ঘটে। এতে সিএনজির এক যাত্রী পড়ে গিয়ে আহত হয়, যার মধ্যে একজন শিশু ছিল। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হয়ে যায়।

কিন্তু মীমাংসার পরও মাইক্রোবাসের ড্রাইভার হঠাৎ করে সিএনজি চালককে থাপ্পড় মেরে চলে যেতে উদ্যত হয়। এ সময় উপস্থিত ৪-৫ জন ব্যক্তি তাকে আটক করে জিজ্ঞাসা করেন, কেন তিনি সিএনজি চালককে মারলেন।

আরও পড়ুন

নেত্রকোনায় প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

এ অবস্থায় বরযাত্রী বহনকারী মাইক্রোবাস থেকে ১০-১২ জন যুবক নেমে এসে উত্তেজিত হয়ে হামলা শুরু করে। তারা উপস্থিত লোকজনের ওপর অতর্কিতভাবে মারধর করতে থাকে।

এ সময় স্থানীয় শ্রমিক নেতা মোস্তফা ঘটনাস্থলে এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা তার ওপরও চড়াও হয়। একপর্যায়ে তারা তাকে নির্মমভাবে মারধর করতে থাকে, যার ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প‌রে তাকে দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, যারা মোস্তফাকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি করতে সাহস না পায়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন বলেন, গা‌ড়ি সাইড দেওয়া‌কে কেন্দ্র ক‌রে দুই প‌ক্ষের ম‌ধ্যে হাতাহা‌তি হ‌য়ে‌ছে এবং একজনের মৃত্যু হ‌য়ে‌ছে। বিষয়‌টি জান‌তে পে‌রে ঘটনাস্থ‌লে আস‌ছি। স্থানীয় লোকজন রাত ১০টার দিকে সড়ক থেকে সরে গেছেন। উভয় প‌ক্ষের সঙ্গে আলোচনা চল‌ছে। পরে আইনি পদ‌ক্ষেপ নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস