জেলা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ০৮:২৯ এএম
পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় চিকিৎসাধীন মুনছুর খাঁ (৬০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ২। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার (২৩ মার্চ) ঘটনাস্থলেই এক নারী গৃহকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
নিহত মুনছুর খাঁ (৬০) সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে। আর আগেরদিন নিহত গৃহকর্মী চায়না খাতুন ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন জানান, আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মুনছুর খাঁ মারা গেছেন। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সাথে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপিকর্মী ইসলাম প্রামাণিক গ্রুপের সঙ্গে বিরোধ চলছিল। রোববার দিবাগত রাতে দুই পক্ষের ছেলেদের মধ্যে মারামারি হয়। এ নিয়ে রোববার রাত থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।
সোমবার সকালে ইসলাম প্রামানিক গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে এলাকায় জড়ো হচ্ছিল। এমন সময় রাজা গ্রুপের লোকজন লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বাড়ি ভাঙচুর করে। গুলিতে গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিনিধি/এসএস