images

সারাদেশ

কক্সবাজারে ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা নিহত

জেলা প্রতিনিধি

২৫ মার্চ ২০২৬, ০৩:১১ এএম

কক্সবাজার শহরের কবিতা চত্বরে ছুরিকাঘাতে খোরশেদ আলম নামের এক ‘জুলাইযোদ্ধা’ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা নারী সমন্বয়ক তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা খোরশেদ আলমের ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে ছুরি দিয়ে একাধিক আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

পরে তার বন্ধু শাহ্ আলম ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহাতের পেট ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত খোরশেদ আলম সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা এবং শাহ্ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঘটনার পর তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শহরে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে হাসপাতালের সামনে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিদুয়ানুল হক অভিযোগ করেন, ‘পূর্ব পরিকল্পিতভাবে কবিতা চত্বরে অবস্থানকালে খোরশেদ আলমের ওপর হামলা চালানো হয়েছে।’ তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতাররে কাজ চলছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের সঙ্গে থাকা এক নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ওসি।