images

সারাদেশ

বিজিবি অভিযানে মাহিন্দ্র ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ওষুধ জব্দ

জেলা প্রতিনিধি

২৫ মার্চ ২০২৬, ১২:১২ এএম

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের বিপুল ভারতীয় ব্যথানাশক ওষুধ, জিরা ও বিভিন্ন প্রকার কসমেটিকসসহ ১টি মাহিন্দ্র ট্রাক জব্দ করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবির হরিণছড়া বিওপির একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের টিপরাছড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন একটি মাহিন্দ্র ট্রাক আসতে দেখে বিজিবি টহল দল সেটিকে থামানোর জন্য সংকেত দেয়। চালক বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে ফেলে দ্রুত জঙ্গলের মধ্যে পালিয়ে যায়।

পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, এতে থাকা বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় নিম্নমানের কসমেটিকস লুকানো ছিল। দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এসব ভারতীয় পণ্যসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

এছাড়া, হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের আরেকটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে কৌশলগত অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন একটি মিনি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করে দেখা যায়, কীটনাশক ও সারের বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথানাশক, চেতনানাশক ওষুধ এবং রং ফর্সাকারী নিম্নমানের অবৈধ কসমেটিকস লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এসব ওষুধ ও কসমেটিকস তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অপর অভিযানে একই স্থানে একটি সন্দেহভাজন ট্রাক তল্লাশি করে বালুর নিচে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এসব জিরা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।