images

সারাদেশ

শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর: আখতার হোসেন এমপি

জেলা প্রতিনিধি

২৪ মার্চ ২০২৬, ০৯:৩৪ পিএম

রংপুর-৪(কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। তারা দেশের গর্ব। আপনার ক্লাসের সবচেয়ে প্রতিভাবান শিক্ষার্থীদের ঝরে যেতে দেবেন না। ক্লাসের বাইরেও তাদেরকে অতিরিক্ত সময় দিন। তাহলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে। 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রংপুরের পীরগাছায় সেরা শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আখতার হোসেন বলেন, আসন্ন এসএসসি-দাখিল পরীক্ষার পর আমরা এলাকার ভার্সিটি, মেডিকেল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দিয়ে পীরগাছা-কাউনিয়ায় সেমিনার বা ওয়ার্কশপ করবো। যাতে করে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য সঠিক গাইডলাইন পায়। তাহলে এই অঞ্চলের শিক্ষার্থীরা ভালো ফলাফলের মাধ্যমে আগামী দিনের তৈরি হবে। 

এদিকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পীরগাছার সন্তান ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন। তিনি বলেন, আমার জন্মস্থান পীরগাছা। তাই পীরগাছার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তার অনেক পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে তারা দুই এমপি একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। এ জন্য তিনি পীরগাছা উন্নয়ন বাস্তবায়ন কমিটি গঠনের কথা বলেন।

উপজেলার তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করে তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে ইউনিয়নের হাইস্কুল, মাদ্রাসা, কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক এবং গোলাম রহমান কলেজকে সেরা কলেজ হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা শিক্ষকের সম্মাননা প্রদান করা হয়। 

প্রতিনিধি/  এজে