জেলা প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ০১:৫৩ পিএম
বগুড়ার শাজাহানপুরে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবকলীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ওই বাড়িতে মজুত করা আলু, পেঁয়াজ, ধান বীজসহ কিছু পুরাতন আসবাবপত্র পুড়ে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ভোর রাত চারটার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বড়দীঘি গ্রামে জেলা স্বেচ্ছাসেবকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আকাশের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের লিডার দেলোয়ার হোসেন জানান, ওই বাড়িতে বিদ্যুতের কোনো সংযোগ নেই। পরিত্যক্ত মাটির বাড়িতে আলুসহ বিভিন্ন ফসল মজুত ছিল। তিনি বলেন, ভোর রাত ৪টা ১৩ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

আত্মগোপনে থাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল ইসলাম আকাশ বলেন, রাজনৈতিক শত্রুতা থেকে আমার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন ফসল ও আমার দোকানের কিছু পুরাতন আসবাবপত্র পুড়ে গেছে। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রতিনিধি/এসএস