উপজেলা প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে অ্যাসিড ছুড়ে ২০০ মুরগি হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় নুরুল আলমের পোল্টি খামারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ২ হাজার সেটের মুরগির খামারে প্রায় সাড়ে ৭ লাখ টাকা বিনিয়োগ করেছে খামারি নুরুল আলম। তার পাশের একজনের সঙ্গে কয়েকবার বাগবিতণ্ডা হয়েছিল তাদের। হয়ত সে এমন কাজ করেছে। এটি অমানবিক কাজ। শক্রতা থাকতে পারে। কিন্তু এভাবে মুরগি মেরে ফেলা ঠিক হয়নি।
খামারের মালিক নুরুল আলম বলেন, ব্যাংক থেকে লোন নিয়ে খামারটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি। পরিবারের ৬ সদস্যের একমাত্র উপার্জনের জায়গা ছিল পোলট্রি খামারটি। খামারের পাশে দেলোয়ার নামের একজন ভাড়া থাকত। তাকে বাসা ছেড়ে দিতে বলা হয়েছে। সে বাসা ছাড়েনি, কয়েকবার ঝগড়া হয়েছে। পরে স্থানীয়দের মাধ্যমে সমাধান হয়। ধারণা করছি, সে এই ঘটনা ঘটাতে পারে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি নাজমুল হক বলেন, পোলট্রি খামারে অ্যাসিড মেরে মুরগি মেরে ফেলার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস