জেলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় পাতার বিড়ি ও কারেন্ট জাল আটক করেছে বিজিবি।
রোববার (২২ মার্চ) গভীর রাতে উপজেলার রহনপুর ইউনিয়নের রামদাসপুর বিল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৫০০ পিস ভারতীয় পাতার বিড়ি এবং ১৫৭ কেজি কারেন্ট জাল। যার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার ৫০০ টাকা।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, রাত পৌনে ৩টার দিকে রহনপুর বিওপি ও রামদাসপুর বিওপির যৌথ টহল দল অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল রহনপুর শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/ এজে