জেলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ০৬:৫৩ পিএম
দেশ জুড়ে চলমান জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেলের সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও সীমিত পরিমাণে তেল পাওয়া গেলেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে ভোক্তাদের। এমন পরিস্থিতির মধ্যেই ঠাকুরগাঁওয়ে এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ভিন্নধর্মী ও সময়োপযোগী এক চিত্র।
সোমবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় এক বিয়েতে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন।
ব্যতিক্রমী এই উপহার উপস্থিত অতিথিদের মধ্যে সৃষ্টি করে হাস্যরস, কৌতূহল এবং আলোচনার ঝড়। অনেকেই এটিকে বর্তমান বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি হাসান রায়হান বলেন, বর্তমান সময়ে জ্বালানি তেলই সবচেয়ে প্রয়োজনীয় ও মূল্যবান জিনিস হয়ে উঠেছে। তাই এমন উপহার নিঃসন্দেহে ব্যতিক্রমী ও সময়োপযোগী।
আরেক অতিথি জামালি বলেন, এটি যেমন মজার, তেমনি আমাদের বর্তমান পরিস্থিতির একটি বাস্তব চিত্রও তুলে ধরে। জ্বালানি সংকট যে কতটা তীব্র, সেটাই এখানে প্রতিফলিত হয়েছে।
অকটেন উপহার দেওয়া ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, পেট্রোল-অকটেন পেতে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাওয়া যাচ্ছে না। দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। তাই বর-কনে যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সেই চিন্তা থেকেই এই উপহার দেওয়া হয়েছে। এটি সংকটের প্রতীকও বটে।
বর রাতুল হাসান সাফি বলেন, বিয়েতে এমন উপহার সত্যিই ব্যতিক্রমী। অকটেন হলেও এটি এই সংকটময় সময়ে অনেক কাজে লাগবে। যারা উপহার দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি তেলের এই সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব পড়বে পরিবহন খাত, কৃষি উৎপাদন এবং নিত্যপণ্যের বাজারে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।
ইতোমধ্যেই এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্যতিক্রমী এই উপহার যেমন আনন্দের খোরাক জুগিয়েছে, তেমনি এটি বর্তমান সময়ের কঠিন বাস্তবতাকেও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে।
প্রতিনিধি/ এজে