images

সারাদেশ

'বিদ্যালয় আমাদের শেখায় কীভাবে গুরুজনদের শ্রদ্ধা করতে হয়'

জেলা প্রতিনিধি

২৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম

‎ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেছেন, বিদ্যালয় আমাদের শেখায় কীভাবে গুরুজনদের শ্রদ্ধা করতে হয় এবং ছোটদের স্নেহ করতে হয়। এখান থেকেই গড়ে ওঠে দেশের ভবিষ্যৎ প্রজন্ম।

সোমবার (২৩ মার্চ) উপজেলার খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের ১৯৮৮ থেকে ২০২৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এতে প্রধান অতিথি ছিলেন-  উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া। এ অনুষ্ঠান  উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহ মো. মহফিজ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, একটি দেশের উন্নয়নের মাপকাঠি হিসেবে শিক্ষা ও স্বাস্থ্য- এই দুই খাতকে প্রাধান্য দিতে হয়। আমরা যদি এই দুইটি খাতকে এগিয়ে নিতে পারি, তবে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে।

‎বিদ্যালয়ের এসএসসি প্রথম ব্যাচের শিক্ষার্থী নুরে আলম নয়নের সভাপতিত্বে ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমানসহ আরও অনেকে। 

‎পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. শরিফুল্লাহ।

‎দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা,রাফেল ড্র, সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্মৃতির আঙ্গিনা নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। পুরো আয়োজনটি প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও আনন্দঘন এক মিলনমেলায় রূপ নেয়।

প্রতিনিধি/ এজে