জেলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ০২:২৪ পিএম
শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভোরের নীরবতা ভেঙে হঠাৎ ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নারীসহ অন্তত ছয়জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার রাজনগর তালতলা এলাকায় হাফিজ ভুঁইয়া ও রুবেল কাজি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জেরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় উভয়পক্ষের অন্তত ২৫টি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যান। আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
প্রতিনিধি/এসএস