জেলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম
দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে, যার ফলে সামনে তেলের দামসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আরও বাড়তে পারে।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের সামনে খুব ভালো সময় নেই, বরং কঠিন সময়। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলে চলমান যুদ্ধ আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, ফলে দাম বাড়বে—এটা আমাদের মেনে নিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি ধর্মীয় বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ। কিন্তু ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। আমরা কাজের মাধ্যমে মানুষের কল্যাণ করতে চাই, সেটাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, কিছু গোষ্ঠী মানুষকে স্বর্গে নেওয়ার প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে। এসব কথায় বিভ্রান্ত না হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সৎভাবে জীবনযাপন করতে হবে। হালাল উপার্জন এবং নৈতিকতা বজায় রাখলেই প্রকৃত সফলতা আসবে, যোগ করেন তিনি।
খাল পুনঃখনন কার্যক্রমের প্রসঙ্গে তিনি বলেন, খাল খননের কাজ স্বচ্ছ ও সঠিকভাবে করতে হবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এই প্রকল্প কৃষি, পরিবেশ এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তেল সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাপী সংঘাতের কারণে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে এই অজুহাতে পাম্পে ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর অবস্থানে থাকব।
কৃষি খাতের দুরবস্থার কথাও তুলে ধরে তিনি বলেন, সম্প্রতি ঝড়বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে গম ও আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকের এই দুর্দশা আমরা বুঝি এবং তাদের পাশে দাঁড়াতে কাজ করছি।
তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে লাখো পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে এবং আরও বহু নারীকে এই সুবিধার আওতায় আনা হবে, বলেন তিনি।

এছাড়া সারাদেশে প্রায় ২০ হাজার খাল পুনঃখননের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি, যা দেশের কৃষি উৎপাদন ও পরিবেশ ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিনিধি/এসএস