জেলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ০১:২১ পিএম
কৃষি ও কৃষকের উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মাছ ও হাঁস পালনের সম্ভাবনা বাড়াতে সরকারের খাল খনন কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম না হয়—এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কঠোরভাবে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, খাল খনন কাজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষ এর সুফল পায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কেউ যেন অভিযোগ করার সুযোগ না পায়—সেদিকে নজর রাখতে হবে। শুধুমাত্র উদ্বোধন করে কাজ ফেলে রাখা যাবে না, কাজের বাস্তব অগ্রগতি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সৎভাবে কাজ করা, হালাল উপার্জন এবং দায়িত্বশীলতার মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ধর্মকে ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করে, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রী জানান, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড, খাল খনন প্রকল্পের পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কৃষকের উন্নয়ন হলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।

এছাড়া তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাবের কথাও উল্লেখ করে বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কৃষকসহ বিভিন্ন খাতে প্রভাব পড়তে শুরু করেছে, যা মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলল হোসেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং স্থানীয় বাসিন্দারা।
প্রতিনিধি/এসএস