images

সারাদেশ

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ডাকাত সদস্য আটক, অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি

২৩ মার্চ ২০২৬, ০১:১১ পিএম

সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য ইয়াছিন শেখকে (৪০) আটক করেছে মোংলা কোস্টগার্ড।

এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। অভিযানে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার (২২ মার্চ) বিকেলে কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়ার সদস্যরা মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াছিনকে আটক করে।

বিসিজিএস তৌফিক এর নির্বাহী কর্মকর্তা লে. আশিকুল ইসলাম ইমন সোমবার (২৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ইয়াছিন শেখ বাগেরহাটের মোংলা উপজেলার ছায়েব আলী শেখের ছেলে।

আরও পড়ুন

পিরোজপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের পাল্টা হামলায় গলায় জখম, আটক ১

লে. আশিকুল ইসলাম ইমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছোট সুমন বাহিনীর এক সদস্য সুন্দরবনের ফেলুর খণ্ডের বৈদ্যমারী এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের প্রেক্ষিতে গত রোববার (২২ মার্চ) বিকেলে দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়ার সদস্যরা মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

পরবর্তীতে আটক ইয়াছিনের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ মার্চ) রাত ১টার দিকে মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এসময় একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরো জানায়, ইয়াছিন শেখ দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কর্মকাণ্ডে অংশ নেওয়ার পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহে সহায়তা করে আসছিলেন।

আটক ইয়াছিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস