জেলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ১০:৪৫ এএম
মেয়ে-জমাইয়ের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছিলেন যশোরের চৌগাছা উপজেলার সিরাজুল ইসলাম ও কোহিনুর বেগম। কিন্তু সেই ঈদের আনন্দ আর ভাগাভাগি করা হলো না। জামাই বাড়ির পথের সেই যাত্রাই তাদের শেষ যাত্রায় পরিণত হলো। কুমিল্লার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেছে এই দম্পতির।
নিহত দম্পতি সিরাজুল ইসলাম (৬২) ও কোহিনুর বেগম (৫৫) চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামের বাসিন্দা।
রোববার দুর্ঘটনায় এই মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্র জানিয়েছে, গত ২১ মার্চ ঈদের দিন মেয়ে ফারহানা সুলতানা শেফার বাড়ি লক্ষ্মীপুরের রতনকাটি গ্রামের উদ্দেশে যাত্রা করেন সিরাজুল ও কোহিনুর দম্পতি। মেয়ে জামাইয়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছিলেন তারা। শনিবার যশোর থেকে মামুন পরিবহণের একটি বাসে করে রওনা দেন তার। এই বাসটিই কুমিল্লা পাদুয়ার বাজার রেলক্রসিং পৌঁছালে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ১২ জন যাত্রী, যাদের মধ্যে ছিলেন এই দম্পতিও। পরিবারের সদস্যরা জানান, রাত তিনটার পর থেকেই সিরাজুল ও কোহিনুরের মোবাইল ফোনে আর যোগাযোগ করা যাচ্ছিল না। উদ্বিগ্ন হয়ে স্বজনরা বিভিন্নভাবে খোঁজ নিতে থাকেন। পরে দুর্ঘটনার খবর পেয়ে মেয়ে জামাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে তাদের নিথর দেহ শনাক্ত করেন।
রোববার তাদের পৌঁছানোর কথা ছিল মেয়ে-জামাইয়ের বাড়িতে। কিন্তু সেদিন তাদের ঠাঁই হলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
এদিকে, মর্মান্তিক দুর্ঘটনায় এই মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবেশীরা সিরাজুল ইসলামের বাড়িতে ভিড় করেন। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। সারা জীবন একসাথে কাটানো দম্পতির চিরবিদায়ও হয়েছে একসাথে। এখন নিজগ্রামের কবরস্থানেও পাশাপাশি দু’টি কবর খনন করা হয়েছে। সেখানের শেষ বিদায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজ সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় তাদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
মৃত সিরাজুলের মেজো ভাই নুর ইসলাম জানান, ভাই আর ভাবি এই প্রথম ঈদে মেয়ের বাড়ি যাচ্ছিল। কিন্তু আল্লাহ যা লিখে রেখেছেন, তা তো আর বদলানো যায় না। আনন্দের বদলে আমাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
যশোর চৌগাছা থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন, কুমিল্লায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে চৌগাছার দু’জন রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। মরদেহ নিয়ে আসার প্রক্রিয়া চলছে, মরদেহ আনার পর নিজ এলাকায় দাফন করা হবে।
প্রতিনিধি/এসএস