জেলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ১০:১০ এএম
নেত্রকোনা মদন উপজেলায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার মাঘান ইউনিয়নের পদেরকোণা (নয়াপাড়া) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কৃষক মঞ্জু মিয়া ওই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মঞ্জু মিয়ার বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী শান্তু মিয়া বিরোধ চলছিল। এ নিয়ে আজ দুপুরে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় মঞ্জু মিয়া লাঠির আঘাত পেয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া জানান, বাড়ির সীমানা নিয়ে তর্ক হওয়ার সময় প্রতিবেশী আমির হোসেনসহ আমার বাবার ওপর আক্রমণ করে। আমার বাবা ঘটনাস্থলে লুটিয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়।
এ বিষয়ে মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু দে জানান, লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস