images

সারাদেশ

খালিয়াজুরীতে জমি নিয়ে বিরোধে মসজিদে হামলা-ভাঙচুর, আহত ১০

জেলা প্রতিনিধি

২৩ মার্চ ২০২৬, ১০:০৫ এএম

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

এসময় হামলা থেকে বাঁচতে এক পক্ষের লোকজন স্থানীয় একটি টিনশেড মসজিদে আশ্রয় নিলে সেখানেও গিয়ে হামলা চালায় প্রতিপক্ষ। এতে মসজিদের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। সেইসাথে মসজিদে আশ্রয় নেওয়া কয়েকজনকে কুপিয়ে জখম করে।

রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলাস্থ মেন্দিপুর ইউনিয়নের বানোয়ারি গ্রামে এ ঘটনা ঘটে।

পরে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, উপজেলার বানোয়ারি গ্রামের মিস্টার আলী (৪৭), লিটন মিয়া (৩৩) রফিকুল ইসলাম (৭৫) ফজলু মিয়া (৩৮) টিপু মিয়া (৪০) ও ভুট্টু মিয়াসহ (৩০) অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মমেক হাসাপাতালে পাঠানো হয়েছে।

b1297830-2cda-45aa-abab-5ed55ac81512

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বানোয়ারি গ্রামের রফিকুল ইসলাম ও শাহ আলম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল শনিবার শাহ আলম চৌধুরীর লোকেরা বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে, রফিকুল ইসলামের সাথে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে আজ দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে রফিকুল ইসলামের লোকজন স্থানীয় মসজিদে আশ্রয় নিলে শাহ আলম চৌধুরীর লোকজন মসজিদে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় টিনশেড মসজিদের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি রফিকুল ইসলামসহ তার লোকজনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে আশপাশের লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করে। আর গুরুতর আহত রফিকুল ইসলামকে মমেক হাসাপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বিএনপি নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ

এদিকে চেষ্টা করেও কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হামলায় আহত রফিকুল ইসলাম, মসজিদ ভাঙচুরের ছবি।

প্রতিনিধি/এসএস