জেলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ০৭:৪০ এএম
কক্সবাজারের সুগন্ধা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা এলাকা পরিদর্শন করে পর্যটন এলাকার শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহামদ। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের সরকারকে সহযোগিতা এবং দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।
রোববার (২২ মার্চ) দুপুরে সুগন্ধা পয়েন্টে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, আগে সরকারকে সহযোগিতা করুন, দেশের প্রতি সু-দৃষ্টি রাখুন। তিনি আরও বলেন, পর্যটন খাত দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত, যা সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর যেন পুনরায় দখল বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, সরকারি জমি ছাড়া অন্য কোথাও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করতে পারে না। ফলে সব কার্যক্রম আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।
তিনি আরও বলেন, আপাতত সমুদ্র সৈকতের শৃঙ্খলা ও পরিবেশ রক্ষা করাই অগ্রাধিকার পাচ্ছে। পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে কক্সবাজারের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতের অবৈধ স্থাপনা সাত দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন। জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত এসব দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়, যা সৈকতের সৌন্দর্য বৃদ্ধি এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পরিদর্শনকালে তিনি কলাতলী ও সুগন্ধা পয়েন্ট এলাকা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক আ. মান্নান, পুলিশ সুপার সাজিদুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নাসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ঈদ উদযাপন উপলক্ষে তিন দিনের সফরে কক্সবাজারে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শন শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
প্রতিনিধি/এসএস