জেলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ০৭:১৭ এএম
আমরা দুঃসময় পার করে আরেক দুঃসময়ে এসেছি। আগে চ্যালেঞ্জ ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা, এখন চ্যালেঞ্জ গণতন্ত্রকে সমুন্নত রাখা। অনেক অনিয়ম-দুর্নীতির মধ্য আমরা সরকার গঠন করেছি। এগুলোকে আমরা ক্লিন করে ফেলব। শুধু নাটোর না, সারাদেশের জন্য আমরা কাজ করব বলে মন্তব্য করেছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।
রোববার (২২ মার্চ) বিকেলে নাটোরের লালপুরে নিজ বাসভবনে নাটোরের আরও তিনজন সংসদ সদস্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন, তেলের বাজারে অস্থিরতা কতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায়, সে চেষ্টা আমাদের চলছে। শুধু তেল না, প্রত্যেকটা সেক্টর আমরা সমন্বয় করার চেষ্টা করছি। বিরোধী দলের লোকরাও বিষয়গুলো আশা করি বুঝবে। আমরা সবাই মিলে একটি ভালো বাংলাদেশ গড়তে চাই, জনগণের জন্য কাজ করতে চাই।
নাটোর-২ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমরা চারজন, এই সবাই মিলেই নাটোরের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চাই। আমরা একসঙ্গে কাজ করে নাটোরকে সারাদেশের মধ্যে একটি উন্নয়নের ও শান্তির শহরের জেলায় পরিণত করব। এ জন্য সবার সহযোগিতা দরকার আমাদের।
এ সময় নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজসহ চার সংসদ সদস্যই একসঙ্গে ঈদ শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের সময় নাটোরের প্রশাসন, পুলিশ কর্মকর্তাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এমআই