জেলা প্রতিনিধি
২২ মার্চ ২০২৬, ১০:৫১ পিএম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘সবাই আইনকে শ্রদ্ধা করতে হবে এবং সঠিকভাবে আইন মেনে চলতে হবে। আমরা কেউই আইন নিজের হাতে তুলে নেব না। প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেব এবং তাদের কাজে সহায়তা করব।’ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মানুষের সেবক হিসেবে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
রোববার (২২ মার্চ) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলায় আয়োজিত এক মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এসব বলেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাহিদ হোসেন বলেন, এ দেশের মানুষের সেবক হিসেবে কাজ করতে হবে। সাধারণ মানুষ যেন কোনো কাজে এসে হয়রানির শিকার না হয় সেদিকে সজাগ থাকতে হবে। এ দেশের মানুষ যে আশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করেছে, সে জন্য তৃণমূল পর্যায়ে মানুষের পাশে দাঁড়ানো, তাদের মুখে হাসি ফোটানোর জন্য সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে।
জাহিদ হোসেন বলেন, উন্নয়নের ক্ষেত্রে সবার আগে গুরুত্ব দিতে হবে কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তারা।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি শিয়া শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ক.ম