images

সারাদেশ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ২ জনের বাড়ি ঝিনাইদহ, পরিবারে শোক

জেলা প্রতিনিধি

২২ মার্চ ২০২৬, ০২:১৭ পিএম

কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। নিহতদের মধ্যে ঝিনাইদহ জেলার ২ পরিবারের ২ জন রয়েছেন।

মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের সোনালি বেগম (৫০) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার স্বামী ইমামুল ইসলাম (৫৮) ও আয়েশা (৭) নামে এক শিশু আহত হয়েছেন। তারাও নোয়াখালীতে বড় ছেলের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

অন্যদিকে, ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের মুক্তার হোসেনের ছেলে জোহাদ হোসেনও একই দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ঈদের নামাজ শেষে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন।

আরও পড়ুন

কুমিল্লায় নিহত সবার পরিচয় মিলেছে

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালায়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় ঝিনাইদহের বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

প্রতিনিধি/এসএস