জেলা প্রতিনিধি
২২ মার্চ ২০২৬, ০৭:০৮ এএম
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহতের ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার (২২ মার্চ) সকালে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন। দুর্ঘটনায় রেলওয়ের গাফিলতি পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
রেলওয়ে কর্মকর্তা জানান, দুটি কমিটিতে ছয়জন করে ১২ জন সদস্য রাখা হয়েছে। এর মধ্যে একটিতে ডিটিও, ডেন-১, ডিএসটিই, ডিএমই (লোকো), ডিএমও এবং কমান্ড্যান্ট (আরএনবি)-কে সদস্য করা হয়েছে।
অপর তদন্ত কমিটিতে সিওপিএস, সিই, সিএমই, সিএমও, সিএসটিই ও সিসি (আরএনবি)-কে সদস্য করা হয়েছে।
এর শনিবার (২১ মার্চ) দিবাগত ভোররাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এতে ১২ জনের মৃত্যু হয়েছে।
জেবি