images

সারাদেশ

ঈদের দিনে চট্টগ্রামে বাস উল্টে নিহত ১, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম

ঈদের দিন দুপুরে চট্টগ্রামের পটিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে মোহাম্মদ কাশেম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন।

শনিবার (২১ মার্চ) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের পাইকপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

 পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে যায়। এতে একজন নিহত এবং বহু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর উল্টে যাওয়া বাসের ভেতর থেকে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠায়।

গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেন- আবুল কাসেম (৬০), আবু হানিফ (৩৮), সিরাজুল হক (১৪), মহিসোনা (৭ মাস), প্রান্ত শীল (১৭), দহান (১৭), আদিত্য বিশ্বাস (১৩), মিনাক্ষী (৩৮), জান্নাতুল ফেরদৌস (৩৫), তাসপিয়া (৭), আবদুর রহিম (৯), মো. ইব্রাহিম (৫৫), প্রবীর শীল (৪২), শারমিন সুলতানা (২৫), সুলতানা রাজিয়া (৫১), আক্তার বেগম (৫৫), ওয়াজিদা (৯), সোবাইকা জান্নাত (৯) ও ইউনুচ (৩৮)।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস পটিয়া বাইপাস এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কাশেম নামের এক ব্যক্তি নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অলক গুহ বলেন, দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। এছাড়া আরও দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস