জেলা প্রতিনিধি
২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ পিএম
পবিত্র ঈদুল ফিতরের দিনে মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে ভিড় জমিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। সকাল থেকেই স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সবুজে ঘেরা এই সংরক্ষিত বনভূমি। প্রকৃতির বুকেই যেন উৎসবের আরেক আয়োজন।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে পরিবার-পরিজন নিয়ে হাজারো মানুষ ছুটে আসেন লাউয়াছড়ায়। বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া সরু পথ, উঁচু-নিচু টিলা আর ঘন সবুজ অরণ্যের স্নিগ্ধতায় সময় কাটিয়ে উচ্ছ্বাসে ভরে ওঠেন দর্শনার্থীরা। বিশেষ করে শিশু ও তরুণ-তরুণীদের প্রাণবন্ত উপস্থিতি এই আনন্দঘন পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত ও রঙিন।

শনিবার (২১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত দেখা গেছে, উদ্যানের মূল ফটক থেকে শুরু করে বনের ভেতরের ট্রেইলগুলোতে পর্যটকদের দীর্ঘ সারি।
রমজানের একমাস প্রায় পর্যটক শূন্য থাকলেও মানুষের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠেছে উদ্যান। অনেকেই দল বেঁধে ট্রেইল ঘুরে দেখেন, কেউবা পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটান প্রকৃতির সান্নিধ্যে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। উদ্যানজুড়ে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক মাহবুব হাসান বলেন, ঈদের ছুটিতে শহরের ব্যস্ততা থেকে দূরে একটু স্বস্তির খোঁজেই এখানে আসা। লাউয়াছড়ার সবুজ আর নিরিবিলি পরিবেশ সত্যিই মনটা ভরে দিয়েছে।
সিলেট থেকে আসা কলেজ শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, প্রথমবার লাউয়াছড়ায় এলাম। প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই দারুণ। বন্ধুদের সঙ্গে ঈদের দিনটা একটু ভিন্নভাবে কাটাতে চেয়েছিলাম। বনের ভেতরের ট্রেইল ধরে হাঁটার অভিজ্ঞতাটা অসাধারণ ছিল।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা বলেন, ঈদের ছুটিতে পর্যটকের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। বনের পরিবেশ রক্ষা ও পর্যটকদের সেবা দিতে বনকর্মী ও সিপিজি সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন। পর্যটকদের ব্যাপক উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাও। আশপাশের রিসোর্ট, হোটেল ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ভালো বেচাবিক্রির আশা করছেন।
বন বিভাগ ও লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির পক্ষ থেকে পর্যটকদের প্লাস্টিক বর্জন এবং বনের নিরবতা বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে লাউয়াছড়ার পাশাপাশি কমলগঞ্জের মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ এবং আশপাশের চা বাগানগুলোতেও প্রকৃতিপ্রেমীদের ভিড় লক্ষ্য করা গেছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ঈদের ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশ কাজ করছে। গুরুত্বপূর্ণ প্রতিটি পর্যটন কেন্দ্র পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতিনিধি/এসএস