images

সারাদেশ

নড়াইলে ময়লার স্তূপে পড়ে ছিলো বৃদ্ধর মরদেহ, মেলেনি পরিচয়

জেলা প্রতিনিধি

২১ মার্চ ২০২৬, ০৯:৪০ এএম

নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল-কালনা মহাসড়কে ময়লার স্তূপে পড়ে থাকা অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার যশোর-নড়াইল-কালনা মহাসড়কের সিতারামপুর ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধ ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নড়াইল-যশোর মহাসড়কে ব্রিজের পাশে ময়লার স্তূপে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি বলেন, মরদেহের পাশ থেকে তার ব্যবহৃত এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই সুরতহাল সম্পন্ন করা হয় এবং ময়নাতদন্তের জন্য লাশটি নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে যশোর পিবিআই টিমকে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/ এজে