জেলা প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিজ বাসভবনে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছেন। ভালোবাসা আর আনন্দ ভাগাভাগির এই আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
শুক্রবার (২০ মার্চ) সকালে কমলগঞ্জ উপজেলার খুশালপুর গ্রামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেয় এলাকার অসংখ্য পথশিশু। নতুন পোশাক পেয়ে তাদের চোখে মুখে ফুটে ওঠে নির্মল হাসি আর ঈদের আগাম আনন্দ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বর্ণাঢ্য মেহেদি উৎসব। এমপির পরিবারের নারীরা স্নেহভরে নিজ হাতে শিশুদের হাতে মেহেদি পরিয়ে দেন। ফলে আয়োজনটি শুধুমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে এক আন্তরিক, হৃদ্যতাপূর্ণ সামাজিক মিলনমেলায় রূপ নেয়।
শিশুদের এই আনন্দঘন মুহূর্তে সংহতি জানাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখে হাসি ফোটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখা হবে এবং এসব শিশুর শিক্ষা নিশ্চিত করে তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে