জেলা প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ০৫:৪৭ পিএম
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশা ও ইজিবাইক সংঘর্ষে অজ্ঞাত এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও সাতজন যাত্রী।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ক্লাবের বাজার এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি একই লেনে থাকা একটি অটোরিকশা ও ইজিবাইকের উপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক মহিলাসহ দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভালুকা ফায়ার সার্ভিস ও পুলিশ।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। ঘটনাস্থলেই একজন নারী নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও একজন পুরুষ নিহত হয়েছে, তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। তবে ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
প্রতিনিধি/ এজে