images

সারাদেশ

ঈদকে ঘিরে দর্শনার্থীদের জন্য প্রস্তুত গাংনীর ভাটপাড়া ডিসি ইকোপার্ক

জেলা প্রতিনিধি

২০ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহাসিক ভাটপাড়া ডিসি ইকোপার্ক এলাকায় দর্শনার্থীদের আগমন বাড়তে শুরু করেছে। ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে ঐতিহাসিক ভাটপাড়া নীলকুঠিকে কেন্দ্র করে প্রায় ২৭ একর জায়গাজুড়ে গড়ে উঠেছে এই ইকোপার্ক। ২০১৭ সালে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত পার্কটিতে রয়েছে কৃত্রিম লেক, ফুলের বাগান, বিভিন্ন প্রাণীর ভাস্কর্য, ঝর্ণাধারা এবং শিশুদের খেলাধুলার নানা সরঞ্জাম। প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশের কারণে এটি ইতোমধ্যে স্থানীয়দের কাছে জনপ্রিয় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।

652002183_2099611183914079_6230444579800546437_n

ঈদকে সামনে রেখে পার্কের প্রধান ফটকসহ অভ্যন্তরীণ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে এবং পার্ক এলাকায় নিয়মিত টহলের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া দর্শনার্থীদের সুবিধার্থে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্রামাগার, বসার স্থান এবং খাবারের অস্থায়ী দোকানগুলোও প্রস্তুত রাখা হয়েছে।

654638378_1710917890279210_520078945989987829_n

স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান মুকুল চৌধুরী জানান, ঈদের দিন বিকেল থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন পার্কে দর্শনার্থীদের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে। পরিবার-পরিজন নিয়ে অনেকেই এখানে প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে আসেন। তবে বিগত কয়েক বছর আগে কিছু উঠতি বয়সের ছেলেদের আচরণের কারণে দর্শনার্থীদের সঙ্গে সাময়িক বাকবিতণ্ডার ঘটনা ঘটেছিল, যা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সমাধান হয়। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

651183033_35365834989670385_478471058444236568_n

গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, এক মাস সিয়াম সাধনার পর মানুষ যাতে পরিবার নিয়ে নিরাপদে বিনোদন উপভোগ করতে পারে, সেজন্য ইকোপার্ক এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

ঈদে দর্শনার্থী বরণে নতুন সাজে ঠাকুরগাঁওয়ের পর্যটন কেন্দ্র ও পার্কগুলো

653220311_2012203226024824_5627079636893509052_n

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খাইরুল ইসলাম বলেন, দর্শনার্থীরা যাতে পার্কের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রেখে আনন্দ উপভোগ করেন সে বিষয়ে সবাইকে সচেতন করা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোরও আহ্বান জানানো হয়েছে। ঈদ উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে বিশেষ পুলিশি টহলের ব্যবস্থাও রাখা হয়েছে।

651375172_869847982764113_8482599801248623177_n

স্থানীয়দের প্রত্যাশা, পর্যাপ্ত নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঈদের ছুটিতে ভাটপাড়া ডিসি ইকোপার্ক হয়ে উঠবে পরিবার-পরিজনের জন্য একটি নিরাপদ ও আনন্দমুখর বিনোদন কেন্দ্র। সরকারি উদ্যোগে বিনোদন কেন্দ্রের সৌন্দর্য বৃদ্ধিসহ আরো ছোট ছোট প্রকল্প গ্রহণের প্রত্যাশা দর্শনার্থীদের।

প্রতিনিধি/এসএস