images

সারাদেশ

বগুড়ায় তিন উপজেলায় ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

২০ মার্চ ২০২৬, ১১:১২ এএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বগুড়ার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে জেলার গাবতলী, ধুনট ও সোনাতলা উপজেলার পৃথক তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে নারী ও শিশুসহ অন্তত দেড় শতাধিক মুসল্লি অংশ নেন।

সকাল সাড়ে আটটায় গাবতলী রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন লালমনিরহাটের পাটগ্রাম আজোয়ারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা লাইলাতুল কদর। এই জামাতে প্রায় অর্ধশতাধিক মুসল্লি অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাবতলীতে এটি ছিল তৃতীয়বারের মতো আগাম ঈদের জামাত।

অন্যদিকে, ধুনট উপজেলার হাশুখালী গ্রামে এবং সোনাতলার কালাইহাটা গ্রামে সকাল সাড়ে সাতটায় ঈদের নামাজ আদায় করেন স্থানীয় কয়েক বাড়ির মুসল্লিরা।

9c183549-562b-45fc-9982-41e7aa3c6900

সোনাতলার কালাইহাটা দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে ইমামতি করেন মো. শামীম হোসেন এবং বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন ঈদগাহ মাঠে ইমামতি করেন মো. আব্দুল আলীম।

আরও পড়ুন

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদ উদযাপন

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। জামাতগুলোতে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অপ্রীতিকর ঘটনা এড়াতে এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

আগাম ঈদ উদ্‌যাপন প্রসঙ্গে লালমনিরহাটের পাটগ্রাম আজোয়ারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা লাইলাতুল কদর জানান, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে রোজা রাখা এবং ঈদ করা নিয়ম। সেই ধর্মীয় বিশ্বাস থেকেই তারা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন। তারা সব মুসলমানদের একই দিনে রোজা ও ঈদ উদ্‌যাপনের আহ্বান জানান।

গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন জানান, বেশ কিছু মুসল্লি তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আজ ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন। গাবতলীসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধি/এসএস