জেলা প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ১০:১১ এএম
ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের পর্যটন কেন্দ্র ও বিনোদন পার্কগুলোতে বেড়েছে ব্যস্ততা। দর্শনার্থীদের স্বাগত জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।
জেলার মধ্যে বলাকা উদ্যান, ডিসি পর্যটন পার্ক, স্বপ্ন জগৎ, কল্পনা পিকনিক স্পট, পীরগঞ্জ ফানসিটি পার্ক, আরও বেশ কয়েকটি পার্কে চলছে সাজসজ্জা ও সংস্কার কার্যক্রম। এছাড়াও দর্শনীয় ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের মধ্যে টাঙ্গন ব্যারেজ, সাশলা-পিয়ালা দিঘী, জামালপুর জমিদারবাড়ি মসজিদ, বালিয়া মসজিদ (জ্বীনের মসজিদ) ও রানীশংকৈলে রামরাই দিঘিসহ জেলায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে।

দর্শনার্থীদের সুবিধার্থে বসার জায়গা বাড়ানো, ডাস্টবিন স্থাপন এবং আলোকসজ্জা উন্নত করার কাজ ইতোমধ্যেই দৃশ্যমান। বিশেষ করে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষের কথা মাথায় রেখে পার্কগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে।
ঈদের ছুটিতে বাড়তি ভিড় সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থাও রাখা হচ্ছে গুরুত্বের সাথে। বিভিন্ন স্পটে স্থানীয়ভাবে নজরদারি বাড়ানো হচ্ছে এবং স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

এদিকে, ভ্রমণকারীদের জন্য কিছু সতর্কতামূলক বার্তাও দেওয়া হয়েছে। বিশেষ করে পানির ধারে অবস্থানকালে সতর্ক থাকা, শিশুদের একা ছেড়ে না দেওয়া, এবং যেকোনো ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পর্যটন এলাকার পরিবেশ রক্ষায় সচেতনতা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
স্থানীয় ব্যবসায়ী ও সেবাদানকারীরা আশা করছেন, ঈদকে কেন্দ্র করে পর্যটকের চাপ বাড়লে তাদের ব্যবসায় গতি আসবে। হোটেল, রেস্টুরেন্ট ও পার্ক সংশ্লিষ্টরা ইতোমধ্যে নিজেদের প্রস্তুত করে তুলছেন, যাতে আগত দর্শনার্থীরা সন্তোষজনক সেবা পান।

বলাকা উদ্যানের কোষাধ্যক্ষ তুষার আহমেদ, স্বপ্ন জগতের জিলানি ইসলাম, কল্পনা পিকনিক স্পটের পরিচালক মো. আজাদ ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার ঈদকে ঘিরে পর্যটক ও দর্শনার্থীদের জন্য পার্ক গুলোতে নতুন করে শিশুদের জন্য বিভিন্ন রাইডার, বসার স্থান বিভিন্ন পশুপাখিসহ সাজসজ্জা করে আকর্ষণীয় করে তোলা হচ্ছে। এটি মধ্যে প্রায় সাজ শয্যার কাজ শেষের দিকে।
তারা আরও জানান, গত বছরে তুলনায় এ বছর আবহাওয়া ভালো থাকলে দর্শনার্থীদের থেকে সংখ্যা বাড়বে। আর বিশৃঙ্খলা এড়াতে পার্কগুলোতে পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন ঢাকা মেইলকে জানান, নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্য ভাবে মানুষ যাতে ঈদ উদযাপন করতে পারে তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলার বাস টার্মিনাল, রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থান এবং ভিআইপিদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া ঈদ পরবর্তী সময়ে বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারের জন্য নজরদারি করা হবে। বিশৃঙ্খলা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী পুলিশসহ সাধারণ পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা সার্বক্ষণিক নজরদারি থাকবেন।

সামগ্রিকভাবে বলা যায়, প্রস্তুতি ও সতর্কতা—এই দুইয়ের সমন্বয়ে ঈদের ছুটিতে ঠাকুরগাঁওয়ের পর্যটন কেন্দ্র ও পার্কগুলো হয়ে উঠতে পারে নিরাপদ ও আনন্দঘন ভ্রমণের আদর্শ স্থান।
প্রতিনিধি/এসএস