জেলা প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ০৮:০১ এএম
দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। শুরু হয়েছে ঈদের লম্বা ছুটি। আর এমন ছুটি মানেই একটু ভিন্ন আমেজে সময় কাটানোর সুযোগ। ব্যস্ত শহুরে জীবন থেকে কিছুটা দূরে গিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চান অনেকেই। এমন পর্যটকদের জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে উত্তরাঞ্চলের জেলা নীলফামারী।
প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন এবং নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে ঈদের ছুটিতে ভ্রমণের জন্য এটি হয়ে উঠতে পারে একটি আদর্শ গন্তব্য।
জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়, খুব সহজেই। একদিন কিংবা দুই দিনের সংক্ষিপ্ত সফরেই উপভোগ করা যায় নীলফামারীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পট।
নীলফামারীর প্রধান স্পটগুলো-

নীলসাগর দিঘি
প্রকৃতির শান্ত ছোঁয়া নীলফামারীর অন্যতম প্রধান আকর্ষণ নীলসাগর দিঘি। বিশাল আয়তনের এই ঐতিহাসিক দিঘিটি চারপাশের সবুজ গাছপালা ও শান্ত পরিবেশের কারণে পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়। ঈদের ছুটিতে পরিবার নিয়ে পিকনিক কিংবা বিকেলের অবসর সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। ছুটির দিনে এখানে ভিড়ও লক্ষ্য করা যায়।

সৈয়দপুর চিনি মসজিদ
নান্দনিক স্থাপত্যের নিদর্শন সৈয়দপুরে অবস্থিত চিনি মসজিদ নীলফামারীর একটি উল্লেখযোগ্য ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা। মসজিদের দেয়ালে চীনামাটির টুকরো ও কাচের কারুকাজ একে দিয়েছে ভিন্নমাত্রার সৌন্দর্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এই অনন্য স্থাপত্য দেখতে এখানে আসেন অনেকেই।
সৈয়দপুর হচ্ছে শিল্প ও ঐতিহ্যের শহর, সৈয়দপুর শহরের ঐতিহাসিক চার্চ এবং বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে কারখানাটি স্থাপিত সৈয়দপুরে। দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ রেলওয়ে কারখানাটি শিল্প ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি শহরের পুরোনো স্থাপনা ও পরিচ্ছন্ন পরিবেশ ভ্রমণকে করে তোলে আরও উপভোগ্য।

তিস্তা ব্যারাজ
জল আর প্রকৃতির মেলবন্ধন তিস্তা নদীর ওপর নির্মিত তিস্তা ব্যারাজ শুধু একটি গুরুত্বপূর্ণ সেচ প্রকল্পই নয়, এটি একটি জনপ্রিয় পর্যটন স্পটও। বিশাল নদী, পানির প্রবাহ এবং আশপাশের খোলা প্রকৃতি মনকে প্রশান্ত করে। বিশেষ করে সূর্যাস্তের সময় এই স্থানের সৌন্দর্য ভ্রমণকারীদের মুগ্ধ করে।

কীভাবে আসবেন
নীলফামারীতে সারা দেশ থেকে বিমান, রেল ও সড়কপথে সহজেই নীলফামারী পৌঁছানো যায়। সৈয়দপুর বিমানবন্দরের ফলে যাতায়াত আরও সহজ হয়েছে। জেলা শহর ও পর্যটন স্পটগুলোর মধ্যে সড়ক যোগাযোগও বেশ ভালো।
ঈদের সময় পর্যটকের সংখ্যা বেশি থাকায় আগে থেকেই ভ্রমণ পরিকল্পনা করা ভালো। পর্যাপ্ত পানি, প্রয়োজনীয় ওষুধ এবং নিরাপত্তা বিষয়গুলো মাথায় রেখে ভ্রমণ করলে যাত্রা হবে আরও স্বস্তিদায়ক।

প্রকৃতি, ইতিহাস এবং শান্ত পরিবেশের সমন্বয়ে নীলফামারী হতে পারে ঈদের ছুটিতে ঘুরে আসার জন্য একটি চমৎকার গন্তব্য। অল্প খরচে স্বল্প সময়ে ভিন্নধর্মী অভিজ্ঞতা পেতে চাইলে এবার ঈদের ছুটিতে আপনার গন্তব্য হতে পারে নীলফামারী।
প্রতিনিধি/এসএস