images

সারাদেশ

কোম্পানীগঞ্জে বজ্রপাতে নিহত ছেলে, গুরুতর আহত বাবা

জেলা প্রতিনিধি

১৯ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাছ ধরার নৌকা দেখতে গিয়ে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঠাকুর চাঁন মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়া এলাকার বাসিন্দা। তিনি জনারদনের (৪৫) ছেলে। আহত জনারদন একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা দেখা দিলে বাবা-ছেলে নদীর ধারে বেঁধে রাখা মাছ ধরার নৌকা দেখতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা আহত হন। ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় টর্নেডোর তাণ্ডবে দুটি গ্রাম লন্ডভন্ড, নিহত ১

এদিকে, রবিউল হোসেন নামের আরেক যুবক নিজের তরমুজ খেতে পাহারারত অবস্থায় বজ্রপাতের শব্দ ও আলোর প্রভাবে আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আব্দুল করিম বলেন, বাবা ও ছেলেকে বজ্রপাতের পর হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা ছেলেকে মৃত অবস্থায় পাই। তারপর তার বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।

প্রতিনিধি/এসএস