জেলা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৬, ০৮:০৪ এএম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনের আগে সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার একটি উন্নয়নমুখী সরকার এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জায়েদ ফর গুড ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুর-৬ আসনের চার উপজেলার ৫০০ জন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তনের চেষ্টা করে।
ডা. জাহিদ হোসেন জানান, সরকারপ্রধানের নেতৃত্বে প্রশাসন জনসেবায় অঙ্গীকারবদ্ধ। দেশের প্রধানমন্ত্রীসহ সাধারণ মানুষের কল্যাণ কামনায় তিনি দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারেস, জেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
/এএস