জেলা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ১০:৪৬ পিএম
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় টোল আদায়ের নামে যানবাহন থেকে চাঁদা নেওয়ার অভিযোগে জহুরুল ইসলাম আফিল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভুয়া রসিদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে এ চাঁদাবাজি চালানো হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) বিকেলে গ্রেফতার আফিলকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আফিল চুনারুঘাট উপজেলার কুটিরগাঁও এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় একটি ট্রাক থেকে টোলের নামে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর সেনাবাহিনী অভিযান চালিয়ে ২৫টি টোল আদায়ের রসিদসহ আফিলকে আটক করে হবিগঞ্জ সদর ক্যাম্পে নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফিল নিজেকে পৌরসভার ইজারাদার দাবি করে জানান, তিনি প্রতিটি যানবাহন থেকে ১২০ টাকা করে টোল আদায় করছিলেন। তবে বৈধ ইজারার কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।
তদন্তে জানা গেছে, শায়েস্তাগঞ্জ পৌরসভার হাটবাজার এক বছরের জন্য ৪ লাখ ২৬ হাজার টাকায় ইজারা নিয়েছেন স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম শহিদ। অথচ আফিল ও তার সহযোগী ইয়াছির খান তারেক ভুয়া রসিদ ব্যবহার করে বেআইনিভাবে এই চাঁদাবাজি চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় বৈধ ইজারাদার শহিদুল ইসলাম বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
অভিযানের নেতৃত্ব দেওয়া সেনাবাহিনীর ক্যাপ্টেন রাকিন আবিদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, দণ্ডবিধির ৩৮৫ ও ৩৮৬ ধারায় (চাঁদাবাজি) মামলা করা হয়েছে। গ্রেফতার আফিলের কাছ থেকে নগদ ৯০৫ টাকা, ২৫টি ভুয়া রসিদ ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে। মামলার অন্য আসামি ইয়াছির খান তারেককে গ্রেফতারে অভিযান চলছে।
প্রতিনিধি/ এজে